নকলায় সজিব হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শেরপুরের নকলায় মাদ্রাসা ছাত্র সজিব (১৪) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৮ মার্চ) বিকেলে নকলা শহরের হলমোড়ে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী ঐক্যবদ্ধ সংগঠনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার প্রায় ১০ দিন পার হলেও এখনো কিশোর গ্যাং লিডার রাহাতসহ অভিযুক্ত ৫-৬ জনের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘সজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। খুব দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে। তারা যেখানেই লুকিয়ে থাকুক, সেখান থেকেই গ্রেপ্তার করা হবে।’

উল্লেখ্য, মোবাইল ফোনকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোর গ্যাং লিডার রাহাতসহ কয়েকজন মিলে বিবিরচর গ্রামের ফারহান উদ্দিনের ছেলে সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাইস্কা বাইপাস ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

পরদিন রবিবার রাতে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম বিবিরচরে সজিবের দাফন সম্পন্ন হয়।

এ ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।