গাজীপুরে বাস কাউন্টারে অভিযান, ৩৩ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে গাজীপুর মহানগরীতে বাস কাউন্টার ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন এলাকার ব্যস্ততম ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। 

অভিযানকালে একাধিক বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন, টিকিট প্রদানে অনিয়ম এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এছাড়া নিকটবর্তী একটি ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেখানে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে টানানো, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ রাখা, সঠিকভাবে টিকিট প্রদান এবং যাত্রীদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া না দেওয়া এবং কোনো অনিয়ম দেখলে প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত