বিধবা মাকে তাড়িয়ে ঘরে আগুন দিল ছেলে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে। মুহূর্তের মধ্যে কাঠটিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। হেনয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে আমাকে মারধর করত। এ কারণে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে শহীদুলকে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে সে ঘরে আগুন দেয়।’ তিনি আরও বলেন, ‘আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। ছোট ছেলেটি মাদকাসক্ত। আমি এখন কী করে বাঁচব।’ কান্নাজড়িত কণ্ঠে হেনয়ারা বেগম আরও বলেন, ‘আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই।’

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’