নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না। কার্ড দেখেই তারা বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।

গতকাল বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে ঈদ উপলক্ষে দুঃস্থ ও গরিব জনসাধারণের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা দেশে এই কার্ড বিতরণ করব। এ ছাড়া আগামী মাসের ভেতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে।’