র‌্যাংকিংয়ে উন্নতি নাহিদ তানজিদ-মিরাজের

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিততে পেরে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে দল হিসেবে ১ ধাপ ওপরে উঠেছে বাংলাদেশ। সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সের প্রভাবে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও পেসার নাহিদ রানারও।

সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাহিদ রানা। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার পেসেই কুপোকাত পাকিস্তান, নিয়েছিলেন ৫ উইকেট। সব মিলিয়ে সিরিজে ৮ উইকেট নেওয়া নাহিদ রানা আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন ৬৫ ধাপ। মাত্র ৮ ওয়ানডে খেলা নাহিদ রানা চলে এসেছেন বোলারদের র‌্যাংকিংয়ের ৯৮তম অবস্থানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা খারাপ গেছে রিশাদ হোসেনের, তিনি নেমে গেছেন ৭ ধাপ। ১২ ধাপ এগিয়ে তাসকিন আহমেদ উঠে গেছেন ২৮তম অবস্থানে আর ১৩ ধাপ উত্তরণ পেয়ে মোস্তাফিজুর রহমান পৌঁছেছেন ৪৭তম অবস্থানে। ব্যাটসম্যানদের মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরির পুরস্কার হিসেবে ৩১ ধাপ উন্নতি পেয়ে তানজিদ তামিম এখন ৫৫তম স্থানে আর লিটন ১০ ধাপ এগিয়ে ৮২তম।

বোলিং এবং অলরাউন্ডার, দুই র‌্যাংকিং তালিকাতেই উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট ও পরের ম্যাচে ২ উইকেট নিয়েছেন মিরাজ, এই পারফরম্যান্সই তাকে ৯ ধাপ ওপরে তুলে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দিয়েছে ৯ম অবস্থান। দীর্ঘদিন পর আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দলে ফিরলেন মিরাজ। আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে মিরাজ উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষে অবশ্য অনেক এগিয়ে থাকা আজমতউল্লাহ ওমরজাই, মিরাজের পরের জায়গায় আছেন সিকান্দার রাজা।