ঈদের আগে পারিশ্রমিক পাননি মিঠুনরা

হতাশা নিয়েই ঈদুল ফিতর পালন করবেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। ঈদের আগে তাদের প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই একটি দল বাদে বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজিই পারিশ্রমিক পরিশোধ করেছে।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘ঢাকার চেক রাখা আছে ৫ কোটি টাকার, ব্যাংক গ্যারান্টি রাখা আছে ৫ কোটি টাকার। আমরা যতটুকু খবর পেয়েছি ৫ কোটি টাকার অনেক নিচে তাদের ইয়ে (পাওনা), ম্যানেজমেন্ট সহকারে। ঢাকা আরও একটা সপ্তাহ সময় নিয়েছে’। এই ১ সপ্তাহ সময় পেরিয়ে গেছে দিন সাতেক আগেই। খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতিও মিঠুন। খেলোয়াড়দের দেনাপাওনা সংক্রান্ত ব্যাপারে অতীতে কোয়াবকে বিসিবির সঙ্গে আলাপ-আলোচনায় দেখা গেছে, এবার মিঠুন নিজেই ভুক্তভোগী! দেশ রূপান্তরকে মিঠুন জানিয়েছেন, ‘কোয়াব প্রেসিডেন্ট হিসেবে মুভ করব কি, আমি নিজেই তো অধিনায়ক বা দলের একজন। আমি নিজেই তো টাকা পাইনি। মিঠু ভাইয়ের সঙ্গে আমার সবশেষ যে কথা হয়েছে যে ঢাকার চেক বা ব্যাংক গ্যারান্টি রাখা আছে, সেটা ভাঙিয়ে তারা টাকা দেবেন। এরপর ব্যাংক খোলা ছিল বোধহয় ২ দিন, এই সময়ের মধ্যে হয়তো তারা সেটা ক্যাশ করতে পারেননি। হতাশার কথা কী বলব, ঈদের আগে টাকা না পাওয়াটা তো হতাশারই। অনেক প্লেয়ারই এই সময়টায় আশা করে ছিল। আশা করছি ঈদের পর একটা সমাধান হবে’।