ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন নামে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্ত থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারীতে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত উজ্জল হোসেন (৩৫) একই উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, গত ১৭ মার্চ ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। এসময় ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার (১৮ মার্চ) দুপুরে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উজ্জল হোসেন নামে একজন চোরাকারবারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হওয়ার কথা শুনেছি। বর্তমানে তিনি যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তবে এবিষয়ে মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।