সমাজকল্যানমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বিভিন্নভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অন্যায় কাজ করে সে দায় সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এ সবিষয়ে বিএনপিসহ সর্বসাধারনকে সচেতন থাকতে হবে। যাতে কেউ এই ধরনের দোষত্রুটি করে পার পেয়েও না যায়, আবার অন্যভাবে সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার বা দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টাও না করে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সম্প্রতি হয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হিলির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশশ্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমরা যদি সবাই মিলে জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারের পিছনে দাঁড়াতে পারি, সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে সত্যি সত্যি আগামীর প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি সুশাসনের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। সে লক্ষ্যেই চলুন আমরা সবাই মিলে এই সরকারের পাশে, কর্মসূচির পাশে দাড়াই সহযোগিতা করি। সেই সাথে যেকোনো অনিয়ম, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমরা যাতে সবসময় সোচ্চার থাকি। আমি আপনাদেরকে অনুরোধ করব যেখানেই যখন কোনো অনিয়ম, অবিচার, নিয়মের ব্যত্যয় দেখবেন, তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন।
তিনি বলেন, এই দেশটি কিন্তু সবার, কে কাকে ভোট দিয়েছে এটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার ১৮ কোটি মানুষের সরকার এবং ১৮ কোটি মানুষের সেবা করার জন্য আমরা ওয়াদাবদ্ধ ও আমরা শপথ নিয়েছি। কাজেই আমাদের দৃষ্টিতে এখন আর কোনো অবস্থাতেই কে সনাতন ধর্মী, কে আদিবাসী, কে ইসলাম ধর্মের অনুসারী, কে কোন রাজনৈতিক বিশ্বাসী এটি এখন আর আমাদের মধ্যে কাজ করবে না। আমাদের মধ্যে কাজ করে আপনি এলাকার মানুষ, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি সাহায্য পাওয়ার উপযুক্ত। আপনাকে সাহায্য করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কাজেই আমরা কোনো অবস্থাতেই আপনাদের পাশ থেকে সরে যাব না। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারাও আমাদের সহযোগিতা যেমন করবে। তেমনি আমরাও আপনাদের পাশে থেকে আপনাদেরকে সবসময় আমাদের সাধ্যমতো সবসময় চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় দুস্থ ৩৩৪টি পরিবারের খাদ্যশশ্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। ২৪টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে, ৬০টি পরিবারকে ৫ হাজার টাকা করে,২৫০টি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, হিলি মাদরাসার মুহতামিম শামছুল হুদা খান, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।