সাভারে ৫ শতাধিক নিম্নআয়ের মানুষ পেল ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সাভার পৌর এলাকার কবিরাজ পাড়া বড় মন্দিরের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ঘোষের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করে উপহার বিতরণকালে উত্তম ঘোষ বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষ যেন অন্তত ঈদের দিনটি একটু ভালোভাবে কাটাতে পারে, সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। রাজনীতির মূল লক্ষ্যই হলো জনসেবা, আর সেই দায়বদ্ধতা থেকেই আমি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

এ সময় তিনি আরও বলেন, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।