এবার ঈদের ছুটি শুরু হয়েছে ঈদুল ফিতরের ৪দিন আগে থেকেই। গত দুদিন ছিল রাজধানী ছেড়েছেন ঘরমুখো অধিকাংশ মানুষ। ফলে রাস্তায় গাড়ির চাপ ছিল অত্যাদিক। এদিকে আজও (২০ মার্চ) রাজধানী ছাড়ছেন অনেকেই। তবুও বাস কাউন্টারগুলো খাঁ খাঁ করছে, নেই যাত্রীর চাপ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ধারণা দিয়েছিলেন, ঈদকে কেন্দ্র করে এক থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়তে পারেন। এদিকে রাজধানীর অধিকাংশ নাগরিক ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানী প্রায় ফাঁকা। ঢাকার পথে পথে শুধুই নিরবতা।
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ফাঁকা ঢাকার এমন চিত্র দেখা গেছে।
কল্যাণপুর বাসস্ট্যান্ডের এনা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক বাবলু বলেন, সকাল থেকে যাত্রী নেই। কয়েকটি গাড়ি প্রায় ফাঁকা গেছে। গতকাল আমাদের শ্বাস ফেলার সময় ছিল না, আর আজ আড্ডা দিয়ে সময় কাটাচ্ছি।
কল্যাণপুর, সায়েদাবাদ বাস বাসস্ট্যান্ডেও একই চিত্র দেখা গেছে। এদিকে যাত্রী কম থাকায় পর্যাপ্ত যাত্রী না হওয়া পর্যন্ত অনেক বাস ছাড়ছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন টিকিট কাটা যাত্রীরা। সায়েদাবাদ বাস স্ট্যান্ডে কবির আহমেদ নামে এক যাত্রী বাস ছাড়ার অপেক্ষা করছে। যাত্রী কম থাকায় বাস যাত্রীর জন্য কিছু সময় অপেক্ষা করছে। কবির আহমেদ বলেন, ব্যবসার কাজের কারণে আগে যেতে পারি নি। আজ যাচ্ছি। তবে রাস্তা ফাঁকা। যাত্রী নাই তাই বাস ছাড়তে দেরি করছে।