রাজধানীর চকবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে নুর মোহাম্মদ (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর্থিক অভাব অনটনের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে চকবাজার সিরাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সুরতহাল প্রতিবেদনে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর হেলাল জানান, নুর মোহাম্মদের বাড়ি নরসিংদির রায়পুরা থানার বাঁশগাড়ি গ্রামে। বর্তমানে চকবাজার হাজী রহিম বক্স লেনের একটি বাড়িতে থাকতেন। তার বাবার নাম মৃত নুর ইসলাম।
তিনি আরও জানান, নুর মোহাম্মদ নেশাগস্ত ছিল। এছাড়া মানসিক হতাশাগ্রস্ত ও আর্থিক অভাব অনটনে ছিলেন তিনি। এই হতাশা থেকে বাঁশের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে পুলিশের ধারণা। মনসুর হেলাল জানান, সে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।