ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকায় মেঘনা নদীতে ভেসে উঠেছে এক পুলিশ সদস্যের মরদেহ। নিহত পুলিশ সদস্য তিন দিন আগে লালমোহন উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ হন। ঘটনার পর থেকে বিভিন্ন সংস্থা ও স্থানীয়রা তাকে উদ্ধারে তল্লাশি চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দৌলতখান থানার ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, আমাদের উপস্থিত কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। মরদেহ শনাক্তের পর পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।