ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ভোলায় বিশেষ কর্মসুচী হাতে নেয়া হয়। আয়োজনে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে ভোলা শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রায়  অংশ নেয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। শোভাযাত্রায় বাদ্যযন্ত্র, ধানের শীষের প্রতীক, ব্যানার-ফেস্টুন হাতে দেখা যায় নেতা কর্মীদের।

সকাল থেকেই ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। শোভাযাত্রায় ছিল ধানের শীষের প্রতিকৃতি, সজ্জিত যানবাহন ও বাদ্যযন্ত্রের আয়োজন। মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, ড্যাব, আইনজীবী ফোরাম, শিক্ষক-কর্মচারী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার সামনে ও পেছনে বিভিন্ন অঙ্গসংগঠনের পৃথক মিছিল থাকায় কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা, ভোটাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন নেতারা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহামদুল্লাহ গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ সফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ রইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল আলম লিটন এবং সদর উপজেলার আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদদীন লিটন ও সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান  ও সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব কাউন্সিলরসহ জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের জন্মদিন নয়, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং সাংগঠনিক ঐক্যের স্মারক। নেতারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল, ধানের শীষের প্রতীক বহনকারী সজ্জিত যানবাহন এবং অঙ্গসংগঠনগুলোর পৃথক অংশগ্রহণে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।



সর্বশেষ সর্বাধিক পঠিত