ঈদের দিনও ঢাকায় চলছে গণপরিবহন

আজ ঈদুল ফিতর। বিগত ঈদে দেখা গেছে দুপুর পর্যন্ত রাজধানীতে গণপরিবহন বিশেষ করে বাস চলাচল কম চলত। তবে এবার এর ভিন্ন চিত্র দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল করছে। এছাড়া চলছে সিএনজি অটোরিকশাও। তবে যাত্রী সংখ্যা কম।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুলিস্তান থেকে সব রুটেই বাস চলাচল করছে। গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট হয়ে মিরপুর, ধানমন্ডি শ্যামলি হয়ে গাবতলী, মিরপুর রুটে বাস চলত দেখা গেছে। গুলিস্তান হয়ে রামপুরা, বাড্ডা, আব্দুল্লপুর রুটেও বাস চলছে। গুলিস্তান থেকে সায়দাবাদ, সাইনবোর্ড এলাকাতেও বাস চলাচল করছে। এদিকে বাসের পাশাপাশি সিএনজি, অটোরিকশাও চলছে।

মিরপুর রুটে শিকড় পরিবহনের চালক আজম জানান, সকাল ৬টায় তিনি মিরপুর থেকে বাস ছেড়েছেন। যাত্রী কম হলেও ঈদের দিন নামাজ শেষে যাত্রী হবে বলে আশা করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তাদের দৈনন্দিন কর্ম। ঈদ কিংবা উৎসব এসব কিছু মনে হয় না। ছেলে ও স্ত্রীর জন্য নতুন কাপড় কিনে দিয়েছেন। নিজের জন্য কিছু কেনেননি।