সেপ্টেম্বরে কম বৃষ্টির আভাস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ এবং স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।

সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর প্রভাবে দুটি থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। এ মাসে দেশে তিন থেকে পাঁচদিন বজ্রঝড়েরও পূর্বাভাস রয়েছে।

নদ-নদীর অবস্থার পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন (এমন একটি ভৌত প্রক্রিয়া যার মাধ্যমে তরল পদার্থ গ্যাস বা বাষ্পে রূপান্তরিত হয়) ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪.৫ থেকে ৬.৫ ঘণ্টা থাকতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত