রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে স্বজনদের ভিড় জমেছে। ঈদুল ফিতরের সকালে ঈদের নামাজ আদায় করেই স্বজনরা কবরস্থানে আসতে শুরু করেছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে গিয়ে কবরস্থানের প্রধান প্রবেশ গেটে লোকজনের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
ভেতরে ঢুকে দেখা গেছে, শত শত মানুষজন গেট দিয়ে ঢুকে তাদের প্রিয়জনের কবরটি খুঁজছে। এরপর তারা সেই কবরের পাশে দাঁড়িয়ে প্রথমে দোয়া দরুদ পড়ে তারা দুহাত তুলে মহান রবের কাছে দোয়া করছেন।
স্বজনরা কবরে শুয়ে থাকা সেই প্রিয়জনকে স্মরণ করে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন মোনাজাতে। কেউ মোনাজাতের আগে প্রিয় মানুষের কবরটির মাটি ও ঘাস ঠিক করে দিচ্ছেন। কেউ কেউ কবরস্থানের কবরের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলছেন। কবরটি আরো কীভাবে সংরক্ষণ করা যায় তা নিয়ে আলোচনা করছেন। কবরস্থানে নারী পুরুষ শিশুরাও এসেছেন।
শতশত মানুষকে গেট দিয়ে প্রবেশ ও বের করতে রীতিমতো সেখানে থাকা নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা হিমশিম খাচ্ছেন। পুরো কবরস্থান জুড়ে এখন স্বজনদের ভিড়। খুশির এই দিনে প্রিয়জনের কবরটি জিয়ারত ও দোয়ায় তাকে রাখতে পেরে তারা খুশি।