মোটরসাইকেল নিয়ে ঈদের আনন্দঘন দিনে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় আহত হয়েছে ৬ কিশোর। আহত সবাই মোটরসাইকেল আরোহী। শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
স্থানীয়রা আহত ৬ জনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন রাতুল (২০), রাফি (২৩), সিয়াম (১৭), সিপন (১৮), রায়হান (১৬) ও সাগর। আহতরা সবাই চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আহত সিয়াম ও রায়হান জানান, ঈদের দিনে সব বন্ধুরা ১০/১২টি মোটরসাইকেল নিয়ে ব্রিজে (মেঘনা-গোমতী সেতু) ঘুরতে গিয়েছিলাম। আমরা বাড়ি যাওয়ার পথে ইলিয়টগঞ্জ পাম্পে তেল নিতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ি। এরপর আর বলতে পারব না।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালক মাসুদ জানান, কয়েকটি মোটরসাইকেল এলোপাতারি চলছিল। পরে একটি মোটরসাইকেলের সঙ্গে তাদেরই অপর আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। প্রতিটি গাড়িতেই তিনজন করে ছিল।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ হাসান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৭/৮ জন কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।