দাউদকান্দিতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। পুলিশ মাইক্রোবাসের ভিতর থেকে দুইশো ৫১ কেজি গাঁজা, এক হাজার ২০০ বোতল স্কাফ সিরাপ ও একহাজার পাঁচশো ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। পরে মহাসড়কের কানড়া এলাকায় ঈশাখা সিএনজি পাম্পে উপস্থিত গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর সামনে গণনা করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি কালো মাইক্রোবাসকে ধাওয়া করলে চালক গাড়িটি কুমিল্লা লেনে ঘুরিয়ে ঈশাখা সিএনজি পাম্পে রেখে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসের ভিতরে কালো কস্টিপে মোড়ানো ভারতীয় নিষিদ্ধ সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা হবে। গাড়ি থেকে মাদক বের করার সময় সহকারী পুলিশ সুপার ইব্রাহিম খলিল, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।