শতাধিক মানুষসহ ভেঙে পড়ল ভাসমান সাঁকো, ৪ শিশু নিহত 

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সাঁকো ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে দুই ভাই-বোনসহ চার শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরে থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সাঁকো ভেঙে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মমি (১০), উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), কন্যা খাদিজা (১২) ও দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলি বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের পাড়ে ও নদের ওপর ভাসমান সাঁকোতে দর্শনার্থীদের ভিড় জমে। অতিরিক্ত দর্শনার্থীর চাপে ভাসমান সাঁকো ভেঙে যায়। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সকলে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে বেশ কয়েকজন শিশু।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দলের অভিযানে ও স্থানীয়দের সহায়তায় ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান।

ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জ উপজেলায়। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শান্তি নামে এক শিশু আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত চিকিৎসাধীন রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে।