জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সানন্দবাড়ী এলাকার মুকিরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিঞ্জিরাম নদীর উজান থেকে একটি মরদেহ ভেসে আসতে দেখে এলাকাবাসী। নদীপথে ভাসতে ভাসতে মরদেহটি মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুরের দিকে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।