ঈদের ছুটিতে ছাত্রী নিবাসে গণচুরি

ঈদের ছুটিতে বাগেরহাট একটি ছাত্রী নিবাসে গণচুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, ইলেকট্রিক ডিভাইস, টেলিভিশন, জামা কাপড় নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকায় মেডিকেল অ্যাসিসন্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস্) ছাত্রী নিবাসে শনিবার (২১ মার্চ) রাতে এই চুরির ঘটনা ঘটে। এর আগে শুক্র ও বৃহস্পতিবারও চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, ওই ছাত্রী নিবাসের চারতলায় তিনশ’র বেশি ছাত্রী বসবাস করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার অন্তত ১৫টি রুমের তালা ভাঙা, রুমের ভেতরে সব তথনছ করা। এসব রুম থেকে মেয়েদের নগদ টাকা, জামাকাপড়, সোনার গহনা, ব্রডব্যান্ডের রাউটার, ইলেকট্রিক ডিভাইস ও টেলিভিশন নিয়ে গেছে চোরের দল।

ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম বলেন, ঈদের ছুটিতে হলের সব মেয়েরা বাড়িতে চলে যায়। এই সুযোগে চোরের দল নিচতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বাড়িতে বসে ফোনে চুরির খবর পেয়ে বিষয়টি ম্যাটস কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ম্যাটসের আবাসিক ছাত্র নিবাসের শিক্ষার্থী তন্ময় দাস জয় ও অন্তর শীল বলেন, চুরির ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেয়েদের হলে নিরাপত্তার অভাব রয়েছে। ম্যাটসে জনবল সংকট চলছে দীর্ঘদিন ধরে। রাতে নৈশ প্রহরি পাহারায় না থাকায় চোরের দল সুযোগ পেয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, বাগেরহাট মেডিকেল অ্যাসিসন্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস্) আবাসিক ছাত্রী নিবাসে চুরির খবর পেয়ে সেখানে গিয়েছিলাম।  তাদের কি মালামাল নিয়ে গেছে তার তালিকা চাওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।