যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি এয়ার কানাডা এক্সপ্রেস উড়োজাহাজ রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানায়, মন্ট্রিয়ল থেকে আসা সিআরজে-৯০০ মডেলের বিমানটি ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার গতিতে চলার সময় ওই গাড়িতে আঘাত করে। বিমানটি পরিচালনা করছিল এয়ার কানাডার আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠান জ্যাজ এভিয়েশন।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) লা গার্ডিয়া বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে, যা প্রাথমিকভাবে ০৫:৩০ জিএমটি পর্যন্ত কার্যকর ছিল। সংস্থাটি জানায়, জরুরি পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, আগত অনেক ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে বা যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে। এফএএ’র আরেকটি নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরটি ১৮:০০ জিএমটি পর্যন্ত বন্ধ থাকতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে উড়োজাহাজটির সামনের অংশে ক্ষতির চিত্র দেখা গেছে এবং সেটি কিছুটা উপরের দিকে হেলে আছে বলে বোঝা যায়। তবে এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রানওয়েতে একটি উড়োজাহাজ ও যানবাহনের সংঘর্ষের ঘটনায় তারা সাড়া দিয়েছে, তবে বিস্তারিত আর কিছু জানায়নি।এ ঘটনায় এয়ার কানাডা ও এফএএ’র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।