নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিলেন মামদানি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সম্ভব কি না, সে বিষয়ে তার প্রশাসন আইনি দিকগুলো পর্যালোচনা করছে।

দ্য নিউইয়র্ক টাইমস-এর অনুষ্ঠান দ্য ইন্টারভিউ-এ সাংবাদিক লুলু গার্সিয়া-নাভারোর সঙ্গে আলাপকালে মামদানি বলেন, 'আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্যা হাগ এ (আন্তর্জাতিক অপরাধ আদালত)।'

আন্তর্জাতিক বিচার সংস্থাগুলোর সদর দপ্তরের শহর হেগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই একই মত পোষণ করেন।'

তবে মামদানি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগ তার তত্ত্বাবধানে থাকলেও কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে আটক করার আইনি ক্ষমতা তার রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। 

তিনি জানান, বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগ (ল ডিপার্টমেন্ট)-এর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চলছে।

মামদানি বলেন, 'নিউইয়র্ক সিটির আইনে আমাকে যা করার অনুমতি দেওয়া হবে, আমরা সেটাই করব। তবে এ উদ্দেশ্যে আমরা নিজেরা নতুন কোনো আইন তৈরি করব না।'

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনার মধ্যেই মামদানির এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত