নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে একটি ড্রাই ডকে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, ড্রাই ডকের বেজমেন্টে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সেখানে আটকা পড়া দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছিল। ঠিক তখনই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের বলেন, “এটি ছিল অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তিত একটি জরুরি পরিস্থিতি। অন্যদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধারকারীরা সবসময়ের মতোই বিপদের দিকেই ছুটে গেছেন।”
নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একজন বেসামরিক ব্যক্তি। মেয়র আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হবে।
ঘটনাটি ঘটে স্ট্যাটেন আইল্যান্ডের রিচমন্ড টেরেস এলাকায়। এটি ম্যানহাটনের বিপরীতে হারবারের ওপারে অবস্থিত নিউইয়র্ক সিটির একটি অংশ।