চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ মার্চ) সকাল পৌনে ৯টায় মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ এর যাত্রী আতিকুর রহমানের ব্যাগ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়।
অভিযুক্ত আতিকুর রহমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সহযোগিতায় কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা এই অভিযান চালায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত সিগারেট থেকে ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সিগারেটের চালান ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।