ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে গুলিসহ ১টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকায় মো. জসিমের পুকুর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে সেচ দেওয়ার সময় স্থানীয় বাসিন্দা জসিম পানির নিচে একটি পিস্তল দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করেছে। তবে পিস্তলটি দেশি নাকি বিদেশি—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, পিস্তলটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধের সংশ্লিষ্টতা আছে কিনা—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।