পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের টানা তিন দিনে রেকর্ড সংখ্যক পর্যটক সমাগমের ফলে মাত্র ৭২ ঘণ্টায় সরকারের রাজস্ব আয় হয়েছে ৫ লক্ষাধিক টাকা। তবে পর্যটকদের অতিরিক্ত চাপে উদ্যান সংলগ্ন সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভ্রমণপিপাসুরা।
উদ্যান সংশ্লিষ্ট সূত্র জানায়, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দিন থেকেই প্রকৃতিপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন এই চিরহরিৎ বনে। টিকেট কেটে লাউয়াছড়ায় ঈদের দিন ১ হাজার ৫২ জন পর্যটক প্রবেশ করেন। এতে রাজস্ব আয় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ঈদের দ্বিতীয় দিন রবিবার পর্যটকদের সমাগম ছিল সবচেয়ে বেশি। প্রায় ১ হাজার ৯০০ জন পর্যটকের প্রবেশে টিকিট বিক্রি হয় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা। ঈদের তৃতীয় দিন আজ সোমবার (২৩ মার্চ) ১ হাজার ৮৪০ জন পর্যটক টিকেট কেটে প্রবেশ করেন। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ১ হাজার টাকা। সব মিলিয়ে তিন দিনে প্রায় ৫ হাজার দেশি-বিদেশি পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন এবং মোট রাজস্ব আয় ৫ লক্ষাধিক টাকা ছাড়িয়ে গেছে।
এদিকে পর্যটকদের ভিড় বাড়ার সাথে সাথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় যানবাহনের তীব্র চাপে সৃষ্টি হয়েছে স্থবিরতা। দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে থাকে। উদ্যানের প্রধান ফটকের সামনে অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং এবং সরু সড়কে অতিরিক্ত যানবাহনের চাপকেই এই যানজটের মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তীব্র গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর শাহিন মিয়া দেশ রূপান্তরকে বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকদের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। পর্যটকদের নিরাপত্তা ও বনের পরিবেশ রক্ষায় বন বিভাগ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।