কুলাউড়ায় এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৫ নেতা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন- এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত এনসিপি নেতা ও জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ ১০ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা করেন।

মামলার বাদী তামিম আহমদ জানান, এনসিপির পদ দেয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন এবং মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালান। 
 
এ বিষয়ে মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি তারা অবগত আছেন এবং এ বিষয়ে দলীয়ভাবেও তদন্ত করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার ৫ জনকে শুক্রবার (২৮ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত