সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মোটরসাইকেল চালকদের জীবন সুরক্ষার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আবদুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। প্রধান আলোচক ছিলেন নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. এডভোকেট মো. আবু তাহের। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ড. হাজী শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নিসচা উপদেষ্টা আবুল হোসেন, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ নয়, চালক ও আরোহীদের সচেতনতাই পারে অকাল প্রাণহানি ও সড়ক দুর্ঘটনা রোধ করতে। মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট পরিধান এবং ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে যুক্তরাজ্যগামী শুভাকাঙ্ক্ষী ড. হাজী শাহ আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে কর্মসূচির অংশ হিসেবে ১০ জন মোটরসাইকেল চালকের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।