বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে এই প্যানেলের নতুন চেয়ারম্যান বা প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৫৩ বছর বয়সী বাশার এর আগেও বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম ৩০০০ রানের মাইলফলক ছোঁয়া এই কিংবদন্তি ব্যাটসম্যানের অভিজ্ঞতাই এখন নির্বাচক প্যানেলের মূল চালিকাশক্তি হবে।
কদিন আগে নির্বাচকের জন্য বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহীদের সংগে ইন্টারভিউয়ের আোয়োজন করা হয়। সেখান থেকে বাশার ছাড়াও আরও দুজনকে বাছাই করা হয়েছে, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।
৩৯ বছর বয়সী নাঈম ইসলামের ঘরোয়া ক্রিকেটে ২০ বছরের বিশাল অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরিসহ সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান রয়েছে তার ঝুলিতে। তিনি কদিন আগেও ক্রিকেট খেলেছেন।
আর ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অধিকারী। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন নাদিফ এর আগে বিসিবির বয়স ভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন।
এই প্যানেলে আগে থেকেই থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। সেপ্টেম্বর ২০২৫ থেকে গাজী আশরাফ হোসেনের অধীনে থাকা পূর্ববর্তী নির্বাচক প্যানেলে ছিলেন তিনি।
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ
নবনিযুক্ত এই নির্বাচক প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকায় অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের জন্য শক্তিশালী বাংলাদেশ দল গঠন করাই হবে এই কমিটির অন্যতম বড় চ্যালেঞ্জ।
বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, মাঠের পারফরম্যান্স ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই প্যানেল বাংলাদেশের ক্রিকেটকে আরও সুসংগঠিত করবে।