'সম্মান নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ', গর্বিত হাবিবুল বাশার

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

সিরিজ জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করাকে বড় অর্জন হিসেবেই দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান এক নম্বর দলের বিপক্ষে সিরিজ ড্র বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বার্তা।

ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এতে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ তৈরি করে নাজমুল হোসেন শান্তরা। ম্যাকাইয়ে সেই সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র’কে খাটো করে দেখতে নারাজ বাশার, ‘প্রত্যাশা তো আসলেই বেশি ছিল। একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্তু অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। আমরা জানতাম, তারা তাদের সর্বশক্তি নিয়ে এই ম্যাচটা খেলবে। প্র্যাকটিক্যালি ২-০ তে হারানোটা একটু বেশি হয়ে যায়। কিন্তু আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম।’

ম্যাকাই টেস্টের টস ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। পেসারদের জন্য সহায়ক উইকেটে আগে ব্যাট করা কঠিন ছিল বলে দাবি বাশারের, ‘আমরা কিন্তু সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয়, আমরা সবাই দেখেছি, টসটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টসের ওপর কারও হাত নেই, আপনি হারতেও পারেন, জিততেও পারেন। কিন্তু এত পার্থক্য সব সময় তৈরি করে না। অস্ট্রেলিয়ানদেরও কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে। আমরা যদি আগে বোলিং করতাম, তাহলে হয়তো আলাদা গল্প হলেও হতে পারত।’ তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কাঠগড়ায় তোলেন তিনি, ‘আমরা অনেক সময় যেমন স্পিনিং উইকেটে বানাই, এরা ওরকমই পেস সহায়ক বানিয়েছে। টসের ভাগ্যটা ওদের পক্ষেই গিয়েছে, যেটা ওদের সাহায্য করেছে। কিন্তু আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম।’

দ্বিতীয় টেস্ট ২ দিনের মধ্যে শেষ হওয়ায় এখন দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল। তবে সহসা সেটা হচ্ছে না। খেলা ৫ দিনে গড়াবে ভেবেই বিমানের টিকিট করা দুই দলের। এ ছাড়া অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার কারণে চাইলেই ম্যাকাই থেকে দেশটির অন্যান্য রাজ্যে সহজে যাওয়া যায় না। এজন্য বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার ম্যাকাই ঘুরে দেখছেন। অধিনায়ক শান্তসহ কয়েকজন অবশ্য অন্য কোথাও ঘুরতে বের হয়েছেন। ফেরার আগে যে কয়েক দিন তারা সেখানে থাকবেন, তাদের সময়টা খারাপ কাটবে না। ডারউইন টেস্ট জিতে অর্জিত সম্মান এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ ড্র করার সামর্থ্য দেশের ক্রিকেটকে বেশ উঁচুতে তুলেছে বলে মনে করেন বাশার।

সে সম্মান নিয়েই বাংলাদেশে ফিরবেন বলে অপেক্ষায় বাশার, ‘আমরা আসার আগে বলেছিলাম যে আমরা যখন দেশে ফিরে যাই, একটা সম্মান নিয়ে যেতে চাই। আমার মনে হয়, সেটা নিয়ে আমরা দেশে ফিরতে পারছি। এটা অবশ্যই বিশাল অর্জন। আপনি যদি শুধু আমাদের জন্য না, পুরো বিশ্বে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা ফলো করেন, তাদেরও যদি ফলো করেন, সবাই কিন্তু এই অ্যাচিভমেন্টকে অনেক উপরের দিকে দেখছে। আমার মনে হয়, টেস্ট দল হিসেবে এখনই বলব না যে আমরা একদম খুব ভালো দল হয়ে গিয়েছি। আমাদের অনেক দূর যেতে হবে। কিন্তু আমরা এখন নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি।’ সঙ্গে যোগ করেন সাবেক এই অধিনায়ক, ‘সব মিলিয়ে আরও একটু ভালো হতে পারত। কিন্তু অস্ট্রেলিয়া এসে সিরিজ ড্র করে যাওয়াটা অনেক বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত