১৫ বছরে পা দেওয়ার আগেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। গত আইপিএলে গুজরাট জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ব্যাটার। কিন্তু আইপিএল ২০২৬ শুরুর আগমুহূর্তে তার ব্যক্তিগত শৃঙ্খলা নিয়ে এক অদ্ভুত তথ্য ফাঁস করেছেন ভারতীয় ‘এ’ দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে আরসিবির কিপার-ব্যাটার জিতেশ শর্মা।
এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব শোতে আলাপকালে জিতেশ শর্মা জানান, বৈভব বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার মতো সামর্থ্য রাখলেও মাঠের বাইরে তার অভ্যাসগুলো মোটেও পেশাদার অ্যাথলেটের মতো নয়। জিতেশ রসিকতা আর আক্ষেপের সুরে বলেন, ‘মাঠের ভেতর সে দারুণ পেশাদার হতে পারে, কিন্তু মাঠের বাইরে সে তা নয়। আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করি। এমনকি রাতে আইসক্রিম খেতেও বারণ করি, কিন্তু সে শোনে না!’
অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বৈভবের ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ ডি ভিলিয়ার্স। তিনি বৈভবের প্রশংসা করে বলেন, ‘এত অল্প বয়সে আইপিএল আর বড় ক্রিকেটের স্বাদ পাওয়ার পর নিজের মান ধরে রাখা সহজ নয়। কিন্তু বৈভব সেটা পেরেছে। সে অনেক পরিণত এবং তার গেম প্ল্যান অনুযায়ী খেলে। সে সময়ের সাথে আরও পেশাদার হয়ে উঠবে।’
২০২৫ সালের মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে বৈভবকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। এবারের আইপিএলেও তাকে নিয়ে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। তবে বোলাররা এখন তাকে নিয়ে কাটাছেঁড়া শুরু করায় মাঠের লড়াইটা বৈভবের জন্য এবার আরও কঠিন হতে পারে।
জিতেশের মতে, বৈভবের খেলার হাত এবং স্কিল বিশ্বমানের হলেও তার অফ-ফিল্ড শৃঙ্খলায় ঘাটতি রয়েছে। আইপিএলের মঞ্চে ব্যাট হাতে ঝড় তোলা এই কিশোর কি শেষ পর্যন্ত জিতেশ শর্মার ‘আইসক্রিম’ নিষেধাজ্ঞা মেনে নিজেকে আরও শৃঙ্খলিত করবেন? নাকি নিজের সহজাত ছন্দেই শাসন করবেন ক্রিকেট মাঠ? উত্তর পাওয়া যাবে আগামী কয়েক দিনেই।