বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান রাজনৈতিক কারণে প্রায় দুই বছর ধরে দেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক সাংসদ সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় জানাতে চাইলেও তাই সম্ভব হচ্ছে না। সাকিবের জন্মদিনে সেই চাওয়ার কথাই বললেন মুশফিকুর রহিম।
আজ ২৪ মার্চ সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, ‘দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।’
ক্রিকেটার নাজমুল ইসলাম অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয় বড় ভাই ও সম্মানিত বস। আপনি আমার জীবনে শুধু একজন অভিভাবকসুলভ বড় ভাই নন, বরং একজন অসাধারণ গাইড ও অনুপ্রেরণার উৎস। আপনার নেতৃত্ব, সাহস, আর পরিশ্রম আমাকে প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখতে শেখায় এবং সামনে এগিয়ে যেতে শক্তি দেয়। আপনার কাছ থেকে শেখা প্রতিটি শিক্ষা আমার জীবনের জন্য অমূল্য সম্পদ। আপনি যেভাবে সবসময় পাশে থাকেন, তা সত্যিই ভরসা আর ভালোবাসায় ভরা। এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, অফুরন্ত সুখ আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করছি। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন এবং আপনার সকল স্বপ্ন পূরণ করুন। শুভ জন্মদিন, ভাইয়া! আপনি সবসময় এভাবেই আমাদের গর্ব হয়ে থাকুন।’
উল্লেখ্য, বর্তমান ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন ধরেই সাকিবকে দেশের মাটিতে বিদায় দেওয়ার উদ্যোগের কথা বলছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই দেশের ক্রিকেটাঙ্গনে সমালোচনা আছে যে বোর্ডের নানারকম ব্যর্থতা আড়াল করতেই সাকিবকে বারবার সামনে আনা হচ্ছে। শেষ পর্যন্ত সাকিব দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলতে পারবেন কিনা- সেটা সময়ই বলে দেবে।
নেইমারকে বাদ দেওয়ায় আনচেলত্তিকে একহাত নিলেন রোমারিও
৪১ বছরেও ‘ইস্পাত কঠিন’ পা, বিশ্বরেকর্ডের পথে ছুটছেন রোনালদো