হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা-বাগানে ঘুরতে যাওয়া এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার সুরমা চা-বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জসিম মিয়ার বয়স ৩৪ বছর।
মামলার এজাহারে বলা হয়, গত ২৩ মার্চ বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যায় তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে সঙ্গীয় যুবক দৌঁড়ে পালিয়ে যান। এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে চা-বাগানের ভেতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার কানে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সোনার দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে এবং মো. জসিম মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ভুক্তভোগীর সোনার দুল উদ্ধার করা হয়। অপর আসামি মো. শাহীন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আগে থেকেই থানায় একাধিক ধর্ষণ মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।