চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়  (র‌্যাব)।  এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে নিশ্চিত করছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তার আরিফুল ইসলাম ভূঞা (২১) খাগড়াছড়ি জেলার রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।

র‌্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন খবর পেয়ে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে একটি প্রাইভেটকার ধাওয়া করে মো. আরিফুল ইসলাম ভূঁঞাকে গ্রেপ্তার করেন। এসময় গাড়িতে থাকা অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান। একপর্যায়ে প্রাইভেটকার তল্লাশি করে এর ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত