কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির এক অভিযানে প্রায় সোয়া ৬ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৪মার্চ) বিকেলে ৪৭ বিজিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশনে অভিযান চালায়।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০মিলি) ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা’। উদ্ধারকৃত মাদক ফরেনসিক টেস্টের জন্য সংশ্লিষ্ট পরীক্ষাগারে নমুনা পাঠাতে আদলতের অনুমতি চাওয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় বিজিবি।