ফ্রি কিকে মেসির ৯০১

বক্সের বেশ বাইরে ফ্রি কিক পেল ইন্টার মায়ামি। ধারাভাষ্যকার বললেন, ‘দূরত্ব অনেকটাই বেশি, তবে কিছু খেলোয়াড়ের জন্য এখান থেকেও সম্ভব। বল পায়ে যিনি আছেন, তিনি তাদেরই একজন...।’ ধারাভাষ্যকারের কথা সত্যি প্রমাণ হলো কয়েক সেকেন্ড পরই। সেই ফুটবলার ঠিকই গোল করলেন। খুব চোখ ধাঁধানো বা জাদুকরী কিছু নয়। প্রতিপক্ষের একজনের গায়ে লেগে বল ঢুকে গেল জালে। তবে নামটি যখন লিওনেল মেসি, বাড়তি রোমাঞ্চ সেখানে মিশে থাকেই!

ম্যাচের শুরুতে গোল করেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার গনসাললো লুহান। পরে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরায় মেসির গোল। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোসের গোল এনে দেয় দলের জয়। ব্রাজিল-আর্জেন্টিনার সংযোগে মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি।

আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ ক্যারিয়ার গোল পূর্ণ করা মেসি এদিন করেন ৯০১ নম্বর গোল। অনায়াসেই এদিন হ্যাটট্রিক হতে পারত মায়ামি অধিনায়কের। ৩১তম মিনিটে তার শট লাগে ক্রসবারে, ৪২তম মিনিটে বাধা পায় পোস্টে। ৮৪তম মিনিটে বক্সের ভেতর থেকে তার শট ধরে ফেলেন নিউ ইয়র্কের গোলকিপার। শেষ দিকেও একটি সুযোগ হাতছাড়া করেন তিনি।

নিউ ইয়র্ক সিটির মাঠে লুহানের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ২৪ বছর বয়সী ডিফেন্ডারের ক্যারিয়ারে প্রথম গোল এটি। সপ্তদশ মিনিটে লুহান-মেসির স্বদেশি মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ দুর্দান্ত ফ্রি কিকে গোল করে সমতায় ফেরান নিউ ইয়র্ক সিটিকে। ৫৯তম মিনিটে মাক্সি মোরালেসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিউ ইয়র্ককে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা। পরের মিনিটেই সেই ফ্রি কিক। মেসিকে ফাউল করাতেই ফ্রি কিকটি পায় মায়ামি। তার নিচু শটে তেমন জোর ছিল না। গোলকিপার বল ধরে নেওয়ার পথেই ছিলেন। কিন্তু প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পরিবর্তন করে এক ড্রপে বল চলে যায় জালে।

৭৪তম মিনিটে নোয়াহ অ্যালেনের ক্রস থেকে অনেকটা লাফিয়ে দারুণ হেডে গোল করেন ধারে মায়ামিতে আসা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো মেসির ফিটনেস নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। সামনেই আর্জেন্টিনার জাতীয় দলের খেলা থাকায় মেসিকে সুস্থ রাখাটাই এখন মিয়ামির বড় চ্যালেঞ্জ, ‘আমরা সব উপায়ে লিওকে আগলে রাখার চেষ্টা করছি। সে মাঠে স্বাচ্ছন্দ্যবোধ করছে। এখন সে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছে, ফিরে আসার পর আমরা তার অবস্থা দেখব। আমাদের লক্ষ্য অর্জনে মেসি অপরিহার্য; তাকে ছাড়া এটা অসম্ভব।’

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ৪ এপ্রিল অস্টিন এফসি-র বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামির নতুন ঘরের মাঠ ‘ন্যু স্টেডিয়াম’-এ। এর আগে মেসি আর্জেন্টিনার হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপের।