ভিয়েতনামে হামজা

সব সংশয় দূর করে ভিয়েতনাম পৌঁছে গেছেন হামজা চৌধুরী। মঙ্গলবার দুপুরে প্রায় ১৫ ঘণ্টা বিমানযাত্রা শেষে লন্ডন থেকে হ্যানয় পৌঁছান বাংলাদেশ দলের প্রাণভ্রমরা। তাতেই নিশ্চিত হামজাকে নিয়েই ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ওপর হামলে পড়বে বাংলাদেশ।

আজ বাদে কাল স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচের প্রস্তুতির বড় মঞ্চ। ভিয়েতনাম ইতিমধ্যে নাম লিখিয়েছে এশিয়ান কাপে। বিশ্ব র‌্যাংকিংয়ে ১০৩তম ভিয়েতনামকে হারালে স্বভাবতই বাড়তি একটা আত্মবিশ্বাস সঙ্গী করে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ। সেই সঙ্গে র‌্যাংকিংয়েও উন্নতির সুযোগ থাকবে। আর এশিয়ান কাপে পা রাখা সিঙ্গাপুরকে হারাতে পারলে তো কথাই নেই। র‌্যাংকিংয়ে বড়সড় উন্নতির পাশাপাশি নিজেদের এগিয়ে যাওয়ার প্রমাণও রাখা যাবে। এশিয়াও পাবে অন্যরকম বার্তা। সেই জানানটা দিতেই লেস্টার তারকা হামজা দলের সঙ্গী হয়েছেন ভিয়েতনামে। আজ দলের সঙ্গে অনুশীলন করে কাল খেলার আশাও ব্যক্ত করেছেন। বিকেলে ট্রেনিং গ্রাউন্ডে গেলেও অনুশীলন করেননি। তবে এক ভিডিও বার্তায় দিয়েছেন সুসংবাদ, ‘জার্নি ভালো ছিল, ১৫ ঘণ্টা জার্নি ছিল। ইস্তাম্বুলে স্টপ করেছি। বেশি কষ্ট হয়নি। ইনজুরি এখন সব ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি খুব এক্সাইটেড। কাল দলের সঙ্গে অনুশীলন করব। হাঁটুতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঈদ মুবারক।’

শামিত সোম আগে থেকেই আছেন ক্যাম্পে, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদও যোগ দিয়েছেন। এবার এলেন হামজা। দিলেন ভালো কিছুর আশ্বাসও। বিদায়ের হাতছানি পেতে শুরু করা কোচ হাভিয়ের কাবরেরা কিছুটা নির্ভার হতেই পারেন।