ক্রিকেটার থেকে ২১ হাজার কোটির ফ্র্যাঞ্চাইজি প্রধান আরিয়ামান বিড়লা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মালিকানা হস্তান্তরের খবর সবাই ইতোমধ্যে জেনে গেছেন। গতকাল মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটিকে ২১ হাজার কোটি টাকারও বেশি (১.৭৮ বিলিয়ন ডলার) মূল্যে কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। এই মেগা ডিলের পর আলোচনার কেন্দ্রে এখন আরিয়ামান বিড়লা। ভারতের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ‘আদিত্য বিড়লা’ গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার ছেলে আরিয়ামান কেবল একজন ব্যবসায়ীই নন, তার পরিচয় মিশে আছে ক্রিকেট মাঠেও।

সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও আরিয়ামানের প্রেম ছিল ক্রিকেট। তার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল মধ্যপ্রদেশ ঘরোয়া দলের হয়ে। বাঁহাতি এই ব্যাটার ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন, যার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলার বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে। বর্তমানে আরসিবির অধিনায়ক রজত পাতিদার ও কেকেআর তারকা ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে একসময় ড্রেসিংরুম ভাগ করেছেন।

২০১৮ সালের আইপিএল মেগা নিলামে ৩০ লাখ রুপিতে তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে তারকাখচিত সেই দলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০২০ সালের আসরের আগে তাকে ছেড়ে দেয় রাজস্থান। যখন ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার কথা, তখনই ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার ঘোষণা দেন আরিয়ামান। তীব্র মানসিক উদ্বেগ এবং মানসিক চাপের কারণে তিনি খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন।

ওই সময় ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে আরিয়ামান লিখেছিলেন, ‘আমি নিজেকে বন্দি অনুভব করছি। এতদিন কষ্টের মধ্যেও নিজেকে ঠেলে নিয়ে গেছি, কিন্তু এখন নিজের মানসিক স্বাস্থ্যকে সবকিছুর উপরে রাখা প্রয়োজন মনে করছি।’ এরপর তিনি আর পেশাদার ক্রিকেটে ফেরেননি। ক্রিকেট ছাড়ার পর আরিয়ামান পারিবারিক ব্যবসায় যুক্ত হন। বর্তমানে তিনি আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

একসময় যে লিগে খেলোয়াড় হিসেবে দল পেয়েও মাঠে নামতে পারেননি, আজ সেই লিগেরই অন্যতম জনপ্রিয় দলের দণ্ডমুণ্ডের কর্তা আরিয়ামান। তার দল আরসিবি আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। তারকাখচিত দলটির মালিকানা পাওয়ার পর তিনি বলেন, ‘আরসিবির পরবর্তী ধাপের প্রবৃদ্ধি নিশ্চিত করা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। খেলাধুলা, মিডিয়া এবং ব্যবসা—এই তিনের সমন্বয়ে আমরা আরসিবিকে নতুন উচ্চতায় নিয়ে যাব।’