‎ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ও নজরে হামজা চৌধুরী

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

‎স্বাধীনতা দিবসের বিশেষ দিনে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকালের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের কোচ ও প্রতিনিধিরা। একদিকে ভিয়েতনাম তাদের দলে নতুন যুক্ত হওয়া ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী, অন্যদিকে বাংলাদেশ তাকিয়ে আছে তাদের 'পোস্টার বয়' হামজা চৌধুরীর দিকে।

‎বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচটিকে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, "ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।" ভিয়েতনাম দলে সুয়ান সন ও হোয়াং হেনের মতো শক্তিশালী ফরোয়ার্ডদের উপস্থিতি নিয়ে সচেতন ক্যাবরেরা আরও যোগ করেন, "আমরা ভিয়েতনামের সেরা দলটির বিপক্ষেই নিজেদের পরখ করতে চাই।"

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভিয়েতনাম দলের কোচ ও অধিনায়করা

‎ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা চৌধুরীকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকলেও তাকে শুরু থেকেই মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। কোচ ক্যাবরেরা জানান, "হামজা গতকাল বিকেলে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তাকে খেলানোর বিষয়ে আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেব।"


‎অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য ইতিবাচক। তিনি বলেন, "ম্যাচটি কঠিন হবে সন্দেহ নেই, তবে বাংলাদেশ দল উন্নতি করছে। ভিয়েতনামের সাথে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।"

‎ভিয়েতনাম দলের কোচ কিম সাং সিক স্বীকার করেছেন যে গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ এখন অনেক বেশি শক্তিশালী। হামজা চৌধুরীকে নিয়ে তিনি বলেন, "আমি হামজা সম্পর্কে জানি, সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়রা ভিডিও দেখে তাকে আটকানোর কৌশল বিশ্লেষণ করছে। আমাদের লক্ষ্য জয়।"

‎ভিয়েতনাম দলে দীর্ঘ ৫ বছর পর সুযোগ পেয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেন। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরেছেন অভিজ্ঞ ভ্যান হাউ ও দিন ত্রং, যা ভিয়েতনামকে মানসিকভাবে এগিয়ে রাখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত