মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় রেলসেতুর নিচ থেকে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশে মাগুরছড়া রেলসেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তীতে পুলিশের তদন্তে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে জুবায়ের আহমেদ (২০)।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।