মাছ ধরা জালে উঠে এলো অজ্ঞাত কিশোরের লাশ

সিরাজগঞ্জের চৌহালীতে ভূতের মোড়-পাকশামাইজাল এলাকায় বুধবার (২৫ মার্চ) যমুনা নদীতে জেলেদের মাছ ধরা জালে উঠে এসেছে ১৩ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ। পরে জেলেরা জাল থেকে লাশটি ছাড়িয়ে যমুনার বালুর চরে রেখে চৌহালী নৌ পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে চৌহালী নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অজ্ঞাতনামা এ কিশোরের পরনে ছিল নীল রংয়ের টাওজার ও গায়ে মেরুন রংয়ের গেঞ্জি।

এ বিষয়ে ​চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য জানান, স্থানীয় জেলেদের জালে মরদেহটি উঠে আসে। পরে তারা সেটি উদ্ধার করে যমুনার বালুর চরে রেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে মরদেহটি উজান থেকে ভেসে এখানে এসেছে। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।