হামজাকে ঠেকানোর কৌশল ভিয়েতনামের

এশিয়ান কাপের মূলপর্বের রেস থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ ৩১ মার্চ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে সিঙ্গাপুরের সঙ্গে। তার আগে আজ হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচ বাংলাদেশের অভিজ্ঞতা অর্জনের মঞ্চ। এশিয়ায় নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য তাই অগ্নিপরীক্ষা। এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করা ১০৩ র‌্যাংকিংধারী ভিয়েতনামকে তাদের মাটিতে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করেই নিশ্চয় হামজারা চাইবেন সিঙ্গাপুরে পা রাখতে।

র‌্যাংকিংয়ের ১৮১-তে দাঁড়িয়ে ভিয়েতনামকে হারানোর লক্ষ্য নির্ধারণ মোটেই সহজ নয়। তবে বাংলাদেশ অসম্ভব কিছুই করে দেখাতে চায় আসছে দুই ম্যাচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই শক্তিশালী দলকে হারানো গেলে র‌্যাংকিংয়ে উন্নতির পাশাপাশি এশিয়ায় নিজেদের অবস্থান সম্পর্কে একটা বার্তাও দেওয়া যাবে। জোড়া জয়ের প্রত্যাশা সবচেয়ে বেশি কোচ হাভিয়ের কাবরেরার। মুখে না বললেও নিজের চাকরি বাঁচাতে স্প্যানিশ ভদ্রলোক দলের কাছে চাইছেন ইতিবাচক ফলাফল। সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরার সঙ্গে চুকে যাবে বাংলাদেশের সম্পর্ক। ২০২৫-এ তার যে পারফরম্যান্স তাতে চুক্তি নবায়ন না হওয়ার সম্ভাবনাই বেশি। এই দুই ম্যাচে ভালো কিছু ঘটলে হয়তো আরও কিছুদিন টিকে যাবেন কাবরেরা।

সাম্প্রতিক সময়ে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের খেলা প্রশংসা কুড়িয়েছে। ভারত, হংকংয়ে গিয়ে তারা খেলেছে ইতিবাচক ফুটবল। ঘরেও ভালো খেলার প্রশংসা জুটেছে ঠিক, তবে মেলেনি প্রত্যাশিত ফলাফল। তাই হামজা চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান হাসানদের উড়িয়ে এনে খেলানোর সুফলটা বোঝা যায়নি পুরোপুরি। এতে অবশ্য হামজাদের তেমন দায় নেই। বিশেষ করে হামজা তো বছর জুড়েই ছিলেন অনবদ্য। প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে গেছেন। নিজের সহজাত পজিশন ছেড়ে পুরো মাঠেই সপ্রতিভ থেকেছেন, হোল্ডিং মিডফিল্ডার হয়েও সাত ম্যাচে করেছেন চার গোল।

বাংলাদেশকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় পড়ার কথা নয় ভিয়েতনামের দক্ষিণ কোরীয় কোচ কিম সাং সিকের। তবে হামজা আছেন বলেই তাকে কষতে হচ্ছে বিশেষ পরিকল্পনা। স্থানীয় সমর্থকদের উপভোগ্য ফুটবল উপহার দেওয়ার ইচ্ছের কথা জানিয়ে কিম সাং সিক বলেন, ‘পুরো দল শেষবার একত্র হওয়ার পর বেশ কিছুদিন পার হয়ে গেছে। ভক্তদের আনন্দ দিতে ভিয়েতনাম জাতীয় দল ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।’ বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর ইতিমধ্যে নেওয়া হয়েছে কোচের, ‘গত বছরের তুলনায় বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। কোচিং স্টাফ থেকে শুরু করে দল পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে। আমি বিশ্বাস করি তাদের বর্তমান দল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ হামজাকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়ে ভিয়েতনাম কোচ বলেন, ‘আমি হামজা সম্পর্কে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তার শক্তির জায়গাগুলো মোকাবিলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’

হাভিয়ের কাবরেরার অবশ্য পুরো ভিয়েতনাম দল নিয়েই পরিকল্পনা করতে হচ্ছে। তারপরও প্রতিপক্ষ শিবিরে এক ব্রাজিলিয়ান নাগরিকত্ব ও নাম বদলে যোগ দেওয়ায় কোচ মনে করেন তাদের কাজটা আরও কঠিন হবে। হোয়াং হেনকে পেয়ে ভিয়েতনামের কোচও বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় হুমকি হবেন ভিল লিগে পাঁচ বছর ধরে খেলা হোয়াং। কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। একজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়ের (হোয়াং হেন) অন্তর্ভুক্তিতে ভিয়েতনামের লাইনআপ খুব শক্তিশালী। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সেরা দলের মোকাবিলা করতে পারবে।’ গতকালই প্রথম দলের সঙ্গে অনুশীলন করেছেন চোট কাটিয়ে ফেরা হামজা চৌধুরী। কাবরেরা তাই তাকে নিয়ে সতর্ক থাকতে চান, ‘হামজা মাত্র গতকাল (মঙ্গলবার) বিকেলে এসেছে। সে ভালো করছে, কিন্তু আবহাওয়া এবং সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে তার সময় প্রয়োজন। আমরা তাকে পর্যবেক্ষণ করব এবং ম্যাচের জন্য তার সহজলভ্যতা বিবেচনা করব।’

যাকে নিয়ে বিশেষ পরিকল্পনা ভিয়েতনামের, সেই হামজার কারণে মুখ ফিরিয়ে নেওয়া অনেকেই নতুন করে দেশের ফুটবলের গলি-ঘুপচির খবর নেওয়া শুরু করেছেন। গ্যালারিতে দর্শকও এখন বাড়-বাড়ন্ত। এই জোয়ারটা ধরে রাখতে চাই বড় দলের বিপক্ষে একটা-দুটো জয়। সেই পথচলাটা আজই না হয় শুরু হোক।