জাবি উপার্চায

স্বাধীনতা হলো জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক

মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, স্বাধীনতা কোনো কাগজে লেখা কয়েকটি শব্দ নয় এটি একটি জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক।

বুধবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথাগুলো বলেন উপাচার্য।

বিজ্ঞপ্তিতে শুরুতেই স্বাধীনতা দিবসের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ, নির্যাতিত ও আহত এবং স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপাচার্য।

স্বাধীনতার পটভূমি তুলে ধরে তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম বৈষম্য, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতন থেকে মুক্তির এক ইতিহাস। এর কালপর্ব শুধুমাত্র ৯ মাসের সশস্ত্র যুদ্ধ নয়, এর ভিত্তি রচিত হয়েছিল ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের মধ্যদিয়ে। 

তিনি বলেন, ন্যায্যতা ও অধিকার আদায়ে আমাদেরকে কখনই একেবারে দমিয়ে রাখা যায়নি। সময়ের প্রয়োজনে আমরা সব সময়ই সোচ্চার হয়েছি একতাবদ্ধ হয়ে রাজপথে লড়াই-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি।

বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার দেশের কল্যাণে কাজ করবে বলে জনগণ আশাবাদী। স্বাধীনতার ৫৫ বছরে জনগণের আশা-সরকারের কার্যক্রমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।