বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। স্বাধীনতার চেতনা ধারণ এবং মুক্তির সংগ্রামে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চের ভয়াল কালরাত্রি স্মরণে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের বিভীষিকাময় সেই রাতের স্মৃতি পুনরুজ্জীবিত করা হয় এবং শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।
এরপর বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল ৮টায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন অধ্যাপক সামিয়া হক, ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার ও স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।