মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্বাধীনতার এই গৌরবময় দিনে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা তাদের সম্মান জানায়।
বৃহস্পতিবার(২৬মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অতিথিদের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গম্ভীর ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয়, যা স্বাধীনতার প্রকৃত তাৎপর্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
এ সময় উপস্থিত অতিথি বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়, আত্মত্যাগ এবং অদম্য সাহসের প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি গভীর সম্মান প্রদর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
