কক্সবাজার টেকনাফের সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ নামক স্থান হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা। এ সময় কোনও মাদক কারবারিকে আটক করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়- বৃহস্পতিবার মাদকের একটি বড় চালান জেলের ছদ্মবেশে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে সাবরাং বিওপির ক্যাম্পের কাঠি নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল সেই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক সাড়ে ৩ টার দিকে জেলের ছদ্মবেশে সন্দেহভাজন ৩ জন ব্যক্তি সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি নামক স্থানে এসে তাদের ছদ্মবেশ পরিবর্তন করে লবণ মাঠে কর্মরত শ্রমিকদের ছদ্মবেশ ধারণ করেন।
তারা একটি কালো প্লাস্টিকের বালতি হাতে লবণ মাঠ সংলগ্ন বেড়িবাঁধের নিকট এলে বিজিবির আভিযানিক দল তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করার উদ্দেশ্যে ধাওয়া করে। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত প্লাস্টিকের বালতিতে থাকা মাদক লবণ মাঠের কাদা মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রেখে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির আভিযানিক দল বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে লবণ মাঠের কাদা মাটির নিচ থেকে বিশেষ মোড়কে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান।