টেকনাফ

বিজিবির অভিযানে ইয়াবাসহ পাচারকারী আটক, অটোরিকশা জব্দ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৭১৫ পিস ইয়াবাসহ চালককে হাতেনাতে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছায়। গাড়িটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি শুরু করেন। সাধারণ তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও পরবর্তীতে বিজিবির বিশেষ প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর (নারকোটিক্স ডগ) ‘রকি’-কে গাড়িটি পরীক্ষা করার জন্য নামানো হয়।

ডগ ‘রকি’র নিখুঁত ও বিশেষ সংকেতের ওপর ভিত্তি করে বিজিবির সদস্যরা অটোরিকশার ভেতরে চালক ও যাত্রীদের বসার সিটের নিচে তল্লাশি চালান। একপর্যায়ে সিটের নিচের গোপন কুঠুরি থেকে অত্যন্ত চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা নীল পলিথিনে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিজিবি সদস্যদের উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে গণনা করে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মাদক পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকেই অটোরিকশাচালককে হাতেনাতে আটক করা হয় এবং ইয়াবা পরিবহনের অপরাধে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আটক চালক হলেন— উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার নুরুল ইসলামের ছেলে ছৈয়দ করিম (৩৪)।

এ ব্যাপারে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।’

তিনি আরও জানান, আটক মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদক ও অটোরিকশাসহ আটক চালককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত