বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় অন্তত বারোটি বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহষ্পতিবার (২৭ মার্চ) রাতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। নিহত রাজীব শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সকালে দেশ রূপান্তরকে বলেন, চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের বিশ্বাস ও শেখ বংশের (গোষ্ঠি বিরোধ) মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে। সেই পূর্ব বিরোধের জেরে বৃহষ্পতিবার সন্ধ্যায় শেখ ও বিশ্বাস বংশের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে অতর্কিত হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এই দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে রাজীব নামে একজন মারা যায়। নিহত রাজীব শেখ বংশের পক্ষের সমর্থক। এসময় দুই পক্ষের অন্তত ১২টি বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।