গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হাসপাতালে ঢুকে এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলকে দেখতে এসে পুনরায় হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেলের ভাই রবিউল বিশ্বাস জানান, জমি নিয়ে বিরোধের জেরে আগে মারধর করা হয়। পরে হাসপাতালে নিয়েও ছাড়েনি, আবার কুপিয়ে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।